‘সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল’
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর ক্যারিয়ারে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার বয়স তখন মাত্র ১৫ বছর; তখন তিনি স্কুলের ছাত্রী ছিলে। অথচ সেই সময়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়টি প্রকাশ্যে এনেছেন জাহ্নবী। তিনি জানান, সেই সময় পর্ন সাইটে নিজের ছবি দেখে রীতিমতো শরীর কেঁপে উঠেছিল তার।
স্মৃতিচারণ করে জাহ্নবী বলেন, ‘ওটা আমার ডিপফেক ছিল কি না, এখনও জানি না। তবে এটুকু বুঝেছিলাম খুব খারাপ কিছু একটা হতে চলেছে। নিজের ছবি দেখেছিলাম পর্ন সাইটে। একজন স্কুলের ছাত্রী হিসেবে এটা মেনে নেওয়া কঠিন। সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল।’
জাহ্নবী আরও জানান, একদিন তিনি লক্ষ্য করেন স্কুলের ছেলেরাই পর্ন সাইটে তার সেই ছবিগুলো দেখছে এবং মজা করছে। নিজের সেই বিকৃত ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সেই মুহূর্তটি তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল।
অভিনেত্রীর ভাষ্যমতে, ‘ওই একটি ঘটনা আমার চারপাশের সবকিছু ওলটপালট করে দিয়েছিল। তখন মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় থাকাটাই যেন এক অভিশাপ। আমি বোধহয় তারই মাশুল দিচ্ছিলাম।’
বর্তমান সময়ে এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও নিয়েও নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারি না। এআই দিয়ে মাঝেমধ্যেই নানা ধরনের ছবি তৈরি করা হয়। এমন সব পোশাক আমাকে পরানো হয় যা আমি বাস্তবে কখনো দেখিইনি। মূলত ওই ছবিগুলো ব্যবহার করেই নেতিবাচক কিছু প্রতিস্থাপন করা হয়।’

